বান্দরবানের লামায় বন বিভাগের এক বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৫টার দিকে বন বিভাগের একটি চৌকস দল মধুঝিরি এলাকায় অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম. কবির হোসেন এবং স্পেশাল টিম প্রধান রনি পারভেজ। অভিযানে বন বিভাগের সদস্য লতিফ ও জুলহাজসহ অন্যান্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
উদ্ধারকৃত হরিণটির ওজন প্রায় ১০ কেজি এবং বয়স দেড় বছর। উদ্ধারের পর সেটিকে প্রাথমিক পর্যবেক্ষণের জন্য বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম. কবির হোসেন জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমরা দ্রুত অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার করতে সক্ষম হই। বন্যপ্রাণী রক্ষায় আমাদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত হরিণটি ডুলহাজারা সাফারি পার্কে অবমুক্ত করার জন্য প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর