হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশনা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়াকে ‘অশুভ অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে চালু থাকা হামের টিকাদান কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত ‘ফৌজদারি অবহেলার’ শামিল। এ সিদ্ধান্তের সঙ্গে জড়িতদের ভূমিকা খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমের নাম উল্লেখ করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানানো হয়েছে।
এছাড়া কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী জানান, গত ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সেখানে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন ও সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞার উদ্যোগ নিতে বলা হয়। সাড়া না পাওয়ায় পরবর্তীতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
ব্যারিস্টার আশরাফুল ইসলাম দাবি করেন, দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব বেড়েছে। এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর