• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৪:৩৫ দুপুর

কৃষকের অ্যাপে ধান কিনবে সরকার, জানেন না গ্রামের অনেক কৃষক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সারা দেশের মতো কুড়িগ্রাম জেলার শস্য ভান্ডার খ্যাত ভূরুঙ্গামারী উপজেলাতেও সরকারিভাবে সরাসরি 'কৃষক অ্যাপে'র (ডিজিটাল) মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। কিন্তু মাঠপর্যায়ে সরকারি এই 'কৃষক অ্যাপ' সম্পর্কে পুরোপুরি ধারণা নেই অনেক কৃষকের। উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে এই চিত্র উঠে এসেছে।

কৃষকদের ভাষ্য, এখনো গ্রামের অনেক কৃষকের সরকারি এই অ্যাপ বিষয়ে কোনো ধারণা নেই। আবার কেউ জানেন না কীভাবে আবেদন করতে হয়। কোনো কোনো কৃষক সরকারের এই ডিজিটাল পদ্ধতিতে ধান কেনার কথা শুনে বিস্ময় প্রকাশ করেছেন।

উপজেলা খাদ্য বিভাগের দেওয়া তথ্য মতে, চলতি ইরি-বোরো মৌসুমে ভূরুঙ্গামারী উপজেলায় কৃষকদের কাছ থেকে ১ হাজার ৬৮৩ মেট্রিক টন ইরি-বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার সরকারি মূল্য ধরা হয়েছে কেজিপ্রতি ৩৬ টাকা, অর্থাৎ প্রতি মণ ধানের মূল্য ১ হাজার ৪৪০ টাকা। সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের নিবন্ধন শুরু হয়েছে চলতি মাসের ৫ মে থেকে, যা আগামী ২০ মে পর্যন্ত চলবে। প্রয়োজন হলে সময় আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষকদের ভোগান্তি ও অনিয়ম ঠেকাতে ২০১৯ সালে এই অ্যাপ চালু করে খাদ্য বিভাগ। পরীক্ষামূলকভাবে প্রথমে দেশের ৮টি বিভাগের ১৬টি উপজেলায় কার্যক্রম শুরু করা হয়। এরপর পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় এ কার্যক্রম চালু করে সরকার। উপজেলা কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় ১০টি ইউনিয়নে ১৬ হাজার ৪৮৫ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৩৪১ মেট্রিক টন। আর সরকারিভাবে ধান ক্রয় করা হবে ১ হাজার ৬৮৩ মেট্রিক টন।

জানা গেছে, গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড দিয়ে সেই কৃষক অ্যাপে নিজের জমির তথ্য, জাতীয় পরিচয়পত্র, কৃষক কার্ডের তথ্য ও সচল মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে হবে। পরে এই সব তথ্য যাচাই করে উপজেলা প্রশাসনের উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের তালিকা চূড়ান্ত করা হবে। নির্বাচিত কৃষক মোবাইলে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন ধান সরবরাহের তারিখ। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কৃষকরা সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহ করতে পারবেন। এ বিষয়ে অনেক কৃষক দাবি করেন, সরকারি কৃষক অ্যাপ সম্পর্কে তারা কিছুই জানেন না। আর অনেক কৃষকের স্মার্টফোনও নেই।

এছাড়াও অ্যাপে নিবন্ধন জটিলতা, সার্ভার সমস্যার কারণে সরকারি মূল্যে ধান বিক্রয় থেকে বঞ্চিত হচ্ছেন তারা। পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙা গ্রামের কৃষক এরশাদ আলী ও কফিলুর রহমান জানান, তারা শুনেছেন সরকার অ্যাপের মাধ্যমে ধান কিনবে। কিন্তু এই অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয়, তা তারা জানেন না। সরকারিভাবে কৃষক অ্যাপের মাধ্যমে ধান কিনবে সরকার—এই প্রতিবেদকের কাছে এমন কথা শুনে উত্তর ধলডাঙা গ্রামের কৃষক শাহিন মিয়া বিস্ময় প্রকাশ করে জানালেন, সরকারি পর্যায়ে অ্যাপের মাধ্যমে ধান কেনা হবে, এ বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানেন না। তার মতো এই গ্রামের অনেক কৃষক অ্যাপের মাধ্যমে ধান কেনার বিষয়ে জানেন না বলেও যোগ করেন তিনি।

উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের কৃষক মাইদুল ইসলাম জানালেন, খাদ্য গুদামে শুকনা ধান ছাড়া নেওয়া হয় না। তিন বিঘা জমির ধান কেটে বাড়িতে আনার পর থেকেই বৃষ্টি। কোনোমতে মাড়াই করে ৬৫ মণ ভেজা ধান ৭২০ টাকা দরে প্রতি মণ বিক্রি করেছেন।

এছাড়াও সরকারি খাদ্য গুদামে শুকনা ধান জমা দিতে গেলেও নানা হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন তিনি। উপজেলার জয়মনিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম গুদামে ধান জমা দেওয়ার সময় কৃষকদের হয়রানির বিষয়টি অস্বীকার করে জানান, বিষয়টি সঠিক নয়। এমন অভিযোগ তাকে কেউ করেনি।

ভূরুঙ্গামারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম জানান, অ্যাপের মাধ্যমে ধান কেনার বিষয়টি কৃষকদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫ হাজার কৃষক অ্যাপের মাধ্যমে আবেদন করেছেন। কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ অনুষ্ঠানে ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের নিবন্ধনে সহায়তা করা হচ্ছে। তিনি আশা করেন, কৃষক এতে লাভবান হবেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]