• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ১০:২৪ রাত

কম টাকায় নিকলী হাটের ইজারা পেলেন সাবেক ডিবি কর্মকর্তার ক্যাশিয়ার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান মোকাররম সর্দার এবার জেলার সবচেয়ে বড় গরুর হাট নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের গুপি রায়ের হাট ইজারা নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। বিগত ১৪৩২ বঙ্গাব্দে হাটটির যেখানে ইজারামূল্য ছিল ৩ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা, সেখানে চলতি ১৪৩৩ বঙ্গাব্দে মোকাররম সর্দার হাটটির ইজারা নিয়েছেন মাত্র ১ কোটি ২৫ লাখ টাকায়। গত বছরের তুলনায় আড়াই কোটিরও বেশি কম টাকায় গরুর হাটটির ইজারা ভাগিয়ে নিয়েছেন তিনি।

২০২৪ সালের ২১শে মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ডিবি হারুন কিশোরগঞ্জ জেলা পুলিশকে ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের মাধ্যমে তাকে জিতিয়ে আনেন বলে অভিযোগ রয়েছে। ৫ই আগস্টের পটপরিবর্তনের পর মোকাররম সর্দার বেকায়দায় পড়েন এবং গ্রেপ্তারও হন। কিন্তু অদৃশ্য কারণে তিনি গারদ থেকে বেরিয়ে এসে ভোল পাল্টে বিএনপির হর্তাকর্তা সাজেন। পুনর্বাসনের মাধ্যমে সেই কঠিন পরিস্থিতি উতরে আবারও চেনা রাজত্বে ফিরছেন তিনি। এরই মধ্যে সামাজিক-প্রশাসনিক ক্ষেত্রে তিনি নিজেকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে প্রতিষ্ঠা করে চলেছেন।

গুপি রায়ের হাট ইজারার ক্ষেত্রে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারালেও কেন এত কম মূল্যে মোকাররম সর্দারকে ইজারা দেওয়া হয়েছে— এ নিয়ে কৌতূহলের অন্ত নেই। পৌনে ৪ কোটি টাকা থেকে সোয়া ১ কোটি টাকায় ইজারা নেমে আসার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে জেলাজুড়ে।

স্থানীয়রা জানিয়েছেন, সপ্তাহের প্রতি বুধবার গুপি রায়ের হাটটি বসে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত গরুর হাটটিতে বিভিন্ন জেলা-উপজেলা থেকে ক্রেতা-বিক্রেতারা ভিড় জমান। ফলে কয়েক বছরের মধ্যেই হাটটি জেলার সবচেয়ে বড় পশুর হাটে পরিণত হয়। এ রকম পরিস্থিতিতে বিগত ১৪৩২ বঙ্গাব্দে হাটটির ইজারামূল্য দাঁড়ায় রেকর্ড ৩ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকায়। স্বভাবতই চলতি বছরে হাটটির ইজারা আরও বেশি হবে বলে সবাই ধারণা করেছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এ বছর হাটটি মাত্র ১ কোটি ২৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়। ইজারা পান ডিবি প্রধান হারুনের ক্যাশিয়ার হিসেবে পরিচিত মোকাররম সর্দার। এর ফলে বিগত বছরের তুলনায় আড়াই কোটি টাকারও বেশি রাজস্ব হারিয়েছে সরকার।

স্থানীয়দের অভিযোগ, যেকোনো ইজারার ক্ষেত্রে বিগত বছরের তুলনায় পরবর্তী বছরে সাধারণত ইজারার টাকার পরিমাণ বেশি হয়। কিন্তু গুপি রায়ের হাটের ইজারার ক্ষেত্রে হয়েছে এর উল্টো। এই হাটের প্রকৃত সম্ভাব্য আয় গোপন করে প্রভাবশালী মহলের সহায়তায় চলতি বছরে কম মূল্যে এই হাটের ইজারা দেওয়া হয়েছে। এমনকি তিনবার ইজারার জন্য বিজ্ঞপ্তি দেওয়ার বিধান থাকার পরেও প্রথম বিজ্ঞপ্তিতেই ইজারাদার নির্বাচিত করা হয়েছে।

এ ব্যাপারে নিকলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বলেন, বিধি অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়া হয়েছে। বিগত বছরগুলোতে ইজারা মূল্য ছিল মাত্র ২৫ লাখ টাকা। গত বছরেরটা ব্যতিক্রম ছিল। এত টাকায় ইজারা নিতে কেউ আগ্রহী হননি। এবার সর্বোচ্চ দরদাতাকে পাওয়ায় তাকেই ইজারা দেওয়া হয়েছে। কেউ যদি সর্বোচ্চ দর দেয়, তাকে দিতেই হয়। সর্বোচ্চ দরদাতার সকল যোগ্যতা ছিল, সেক্ষেত্রে তাকে বাদ দেওয়ার কোনো অপশন ছিল না। যদি যোগ্যতা না থাকত, কোনো একটা কারণে তাকে বাদ দিতে পারতাম, তাহলে আমরা পুনরায় টেন্ডার দিতে পারতাম।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]