কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
আহত পুলিশ সদস্য মো. ফোরকান বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। ঘটনার পর তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় মান্নানের অভিযোগ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল। ঘটনাস্থলে পৌঁছালে মান্নানের ভাই এসআই আলিমের ইন্ধনে ইকবাল হোসেন, জালাল হোসেন, লিজা আক্তার, সেফালী আক্তারসহ একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
একপর্যায়ে কনস্টেবল ফোরকানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে সঙ্গে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা আহত ফোরকানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে দেবপুর ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়াসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রেখে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পরে বিস্তারিত জানানো হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ হামলার কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর