• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ১০:১৬ রাত

ময়মনসিংহের নান্দাইলে ১৪৪ ধারা জারি, দুই গ্রামের সংঘর্ষের আশঙ্কা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চলমান বিরোধ ও সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টায় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত এ আদেশ জারি করেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদেশ কার্যকর থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খারুয়া ইউনিয়নের খারুয়া বাজার এলাকায় মাত্র দুই শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে খারুয়া গ্রামের আব্দুর রউফ ভূঁইয়া ও পাশের নরেন্দ্রপুর গ্রামের শওকত আলীর মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। বুধবার ও বৃহস্পতিবার বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

জারি করা আদেশে খারুয়া বাজার ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, মাইক ব্যবহার, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে দায়িত্ব পালনরত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। ইউএনও ফাতেমা জান্নাত বলেন, "আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও জানান, দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের আশঙ্কা থাকায় প্রশাসন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছে। শিগগিরই তাদের নিয়ে বৈঠক করে সমস্যার সমাধানে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা চরমে পৌঁছে। বুধবার আব্দুর রউফ ভূঁইয়ার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। পরদিন দুই গ্রামের লোকজন মুখোমুখি অবস্থানে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]