চট্টগ্রাম নগরীর বন্দর থানার বারিক বিল্ডিং এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর যুবলীগের ব্যানারে অনুষ্ঠিত এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিল শুরু করে নেতাকর্মীরা বিমানবন্দর সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে এগিয়ে যান। পরে বিদ্যুৎ ভবনের সামনে সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
ঘটনার বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান জানান, মিছিলটি বন্দর থানার আওতাধীন এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বন্দর থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অন্তত চারটি মিছিল করেছেন। সর্বশেষ সোমবার নগরীর জিইসি এলাকায় মিছিলের পর অভিযান চালিয়ে ৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
কুশল/সাএ
সর্বশেষ খবর