ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে বরগুনায় তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা "বিতর্কে তারুণ্য" অনুষ্ঠিত হয়েছে। সুবাহ্ তাবাসসুম এর উদ্যোগে তরুণ বিতার্কিক শিক্ষার্থীদের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে চরকলোনী স্পোর্টিং ক্লাব। এছাড়াও সহযোগিতায় ছিল সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন-সেইফ ও আত্মোন্নয়ন মঞ্চ, বরগুনা।
সোমবার (৮ জুন) বিকেলে বরগুনার সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রীড়া, শিক্ষা, নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বিষয়ক বিভিন্ন যুক্তি-তর্ক উপস্থাপন করা হয়। তরুণ বিতার্কিকদের যুক্তিনির্ভর বক্তব্য উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের বরগুনা জেলা অ্যাম্বাসেডর সুবাহ তাবাসসুমের সভাপতিত্বে ও যুব রেডক্রিসেন্ট বরগুনা ইউনিটের উপ যুব প্রধান সজীব হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার তমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুনুর রশিদ রিংকু, জেলা ফুটবল কোচ মীর বজলুর রহমান, বরগুনা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমান, আত্মোন্নয়ন মঞ্চের প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজনের উদ্যোক্তা সুবাহ তাবাসসুম বলেন, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের যুক্তিবাদী, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা ও সংস্কৃতির পাশাপাশি বিতর্কের মতো বুদ্ধিবৃত্তিক কার্যক্রম তরুণদের নেতৃত্ব বিকাশে সহায়ক।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বরগুনার অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব মীর বজলুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণদের মেধা ও মনন বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর