ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই মেসির গোল, আর সেই প্রত্যাবর্তন ম্যাচে আর্জেন্টিনার বড় জয়। লিওনেল মেসির জাদুকরী ফেরাকে সামনে রেখে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বটা দারুণভাবে শেষ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল আর্জেন্টিনার। বল দখল, আক্রমণের ধার এবং ম্যাচ নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই এগিয়ে ছিল লিওনেল স্কালোনির দল।
প্রথমার্ধে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবলের ফল আসে ১-০ ব্যবধানে। ম্যাচের শুরু থেকেই আইসল্যান্ডকে চাপে রাখে আলবিসেলেস্তেরা। নিকো পাজের সৃজনশীল পাসিং ও মাঝমাঠের নিয়ন্ত্রণে বারবার ভেঙে পড়ে আইসল্যান্ডের রক্ষণ। সেই চাপেরই ফল হিসেবে প্রথম গোলটি আসে ভ্যালেন্টিনো বারকোর পা থেকে।
গোলের পরও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার। একাধিক সুযোগ তৈরি হলেও ব্যবধান আর বাড়েনি প্রথমার্ধে। অন্যদিকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা আইসল্যান্ড মাঝে মাঝে লম্বা বল ও পাল্টা আক্রমণে চেষ্টা করলেও আর্জেন্টিনার সংগঠিত রক্ষণভাগে খুব বেশি সুবিধা করতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে সবচেয়ে বড় আকর্ষণ ছিল লিওনেল মেসির মাঠে ফেরা। সাম্প্রতিক ইনজুরির কারণে কিছুটা শঙ্কা থাকলেও বদলি হিসেবে নেমেই ম্যাচে প্রভাব ফেলেন আর্জেন্টিনা অধিনায়ক। মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করেন তিনি, আর তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
মেসির গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও স্পষ্টভাবে নিজেদের দিকে নিয়ে নেয় আর্জেন্টিনা। আক্রমণে একের পর এক সুযোগ তৈরি হলেও ব্যবধান বড় করতে কিছুটা ব্যর্থ হন লাউতারো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ম্যাচের ৭২ মিনিটে আবারও গোলের দেখা পান মেসি। এতে স্কোরলাইন দাঁড়ায় ২-০। শেষদিকে আইসল্যান্ড কিছুটা চেষ্টা করলেও আর্জেন্টিনার চাপ সামলাতে পারেনি তারা। নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে থিয়াগো আলমাদার গোল নিশ্চিত করে দেয় ৩-০ ব্যবধানের জয়।
পুরো ম্যাচজুড়েই আর্জেন্টিনার ছোট ছোট পাসের সমন্বিত ফুটবল নজর কাড়ে। পাশাপাশি দ্রুতগতির কাউন্টার অ্যাটাকেও স্কালোনির দলের ধার ছিল চোখে পড়ার মতো। আইসল্যান্ডের রক্ষণ ভাঙতে বারবার কার্যকর আক্রমণ সাজিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে শক্ত বার্তা দিল আর্জেন্টিনা। আর সবচেয়ে বড় স্বস্তি হয়ে থাকল ইনজুরি কাটিয়ে মেসির ফিরে আসা সেই সঙ্গে গোল দিয়ে ম্যাচে নিজের উপস্থিতি আবারও জানান দেয়া।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর