ব্যালন ডি’অরের কোপা ট্রফির ভোটে বড় চমক দেখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অনূর্ধ্ব-২১ বছর বয়সী ফুটবলারদের মধ্যে সেরা খেলোয়াড়কে দেওয়া হয় এই পুরস্কার। ভোটে বায়ার লেভারকুজেনের তরুণ ফুটবলার ইব্রাহিম মাজাকে নিজের সেরা তিনে রেখেছেন মেসি। অথচ অন্য কোনো বিচারকই তাঁকে সেরা তিনে রাখেননি।
ব্যালন ডি’অরের আয়োজক সংস্থা ‘ফ্রান্স ফুটবল’ ভোটের তালিকা প্রকাশ করার পর বিষয়টি সামনে আসে। তালিকায় দেখা যায়, ইব্রাহিম মাজাকে সেরা তিনে জায়গা দিয়েছেন কেবল মেসি।
প্রতিবছর ২১ বছরের কম বয়সী ফুটবলারদের মধ্যে সেরা খেলোয়াড়কে কোপা ট্রফি দেওয়া হয়। এই পুরস্কারের ভোটে অংশ নিতে পারেন ব্যালন ডি’অরজয়ীরা। ভোটারদের মধ্যে রয়েছেন মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও উসমান দেম্বেলে। জার্মানির সাবেক তারকাদের মধ্যে রয়েছেন লোথার ম্যাথাউস, ম্যাটিয়াস জামার ও কার্ল-হাইনৎস রুমেনিগে।
বেশির ভাগ বিচারক তাঁদের সেরা তিনে রেখেছেন বার্সেলোনার দুই তরুণ ফুটবলার লামিন ইয়ামাল ও পাউ কুবার্সিকে। তাঁদের সঙ্গে ছিলেন পিএসজির ওয়ারেন জাইর-এমেরি। মেসিও ইয়ামাল ও কুবার্সিকে বেছে নিয়েছেন। তবে তৃতীয় পছন্দ হিসেবে অন্যদের পথ অনুসরণ না করে রেখেছেন ইব্রাহিম মাজাকে।
মাজার প্রতি মেসির এই বিশেষ পছন্দের কারণ অবশ্য জানা যায়নি। তবে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দুজন। গ্রুপ জে-র ওই ম্যাচে মেসির আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারে মাজার আলজেরিয়া।
ম্যাচে ৮২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন মাজা। অন্যদিকে ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। এরপর আলজেরিয়া জর্ডানকে হারিয়ে এবং অস্ট্রিয়ার সঙ্গে ড্র করে শেষ ৩২-এ জায়গা করে নেয়। তবে পরবর্তী রাউন্ডে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দলটি।
আলজেরিয়ার হয়ে চারটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন মাজা। তবে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তিনি।
জাতীয় দলের হয়ে বিশ্বকাপে গোল বা অ্যাসিস্ট না পেলেও ক্লাব ফুটবলে সময়টা ভালো কাটছে এই তরুণের। গ্রীষ্মের পর থেকে বায়ার ০৪ লেভারকুজেনের হয়ে নিয়মিত খেলছেন তিনি। নতুন কোচ কার্লেস মার্তিনেজের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে তিনটি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে আরও তিনটি গোল করিয়েছেন।
২০২৫ সালের গ্রীষ্মে লেভারকুজেনে যোগ দেন ইব্রাহিম মাজা। ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর