অন্যের স্ত্রীকে প্ররোচিত করে নিয়ে যাওয়া, তালাক ছাড়াই বিয়ে, ব্যভিচার এবং মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ে আদালত উল্লেখ করেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে নাসির ও তামিমাকে খালাস দেওয়া হয়েছে।
এদিন সকাল ১১টা ৪৭ মিনিটের দিকে তামিমার হাত ধরে এজলাসে হাজির হন নাসির। এ সময় উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
এর আগে, গত ১৬ এপ্রিল মামলাটির সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হয়। এ মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমা ও ক্রিকেটার নাসির হোসাইনের বিয়ের ছবি প্রকাশিত হলে বিষয়টি রাকিব হাসানের নজরে আসে। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে তিনি ঘটনার বিস্তারিত জানতে পারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বাদীর অভিযোগ ছিল, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা নাসির হোসাইনকে বিয়ে করেন, যা ধর্মীয় ও প্রচলিত আইনের পরিপন্থী। এছাড়া নাসিরের প্ররোচনায় তামিমা তার সংসার ত্যাগ করেন বলেও অভিযোগে দাবি করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর