ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ করিম বাবু (৩০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার এক সহকর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নিহত মাসুদ করিম বাবু উপজেলার পূর্ব ভালুকা এলাকার মৃত আব্দুস সালামের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,রাতে বৈদ্যুতিক লাইনে মেরামত কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে গুরুতর আহত হন মাসুদ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. লামিয়া ইসলাম জ্যুতি তার অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে,দুর্ঘটনার সময় মাসুদকে খুঁটি থেকে পড়ে যেতে দেখে তার সহকর্মী বিদ্যুৎকর্মী মো.খায়রুল মিয়া মানসিকভাবে ভেঙে পড়েন। পরে তিনি স্ট্রোক করলে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে গৌরীপুর আবাসিক প্রকৌশলী (পিডিবি)লিটন মজুমদার গণমাধ্যমকে বলেন,"আমাদের অচিন্তপুর ফিডার ও খেলারমাঠ ফিডার বন্ধ ছিল। তবে ১১ হাজার ভোল্টের কোনো একটি লাইনে সম্ভবত লিকেজের কারণে বিদ্যুতের ফিডব্যাক হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।" নিহত মাসুদ করিম বাবু গৌরীপুর পিডিবির নিয়োগপ্রাপ্ত ইলেক্ট্রিশিয়ান না হওয়া সত্ত্বেও কেন তাকে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে দেওয়া হয়েছিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,"নিহত মাসুদ করিম বাবু আমাদের স্থায়ী বা নিয়োগপ্রাপ্ত ইলেক্ট্রিশিয়ান ছিলেন না। তবে আমাদের নিজস্ব লাইনম্যান না থাকলে প্রয়োজনের সময় তারা লাইনে কাজ করেন।"
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. হাবিবুর রহমান বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একই সঙ্গে ফিডার বন্ধ থাকার পরও কীভাবে লাইনে বিদ্যুৎ প্রবাহিত হলো,তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় বুধবার (১৭ জুন/২৬)দুপুরে লাইনম্যান মাসুদ করিম বাবুর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন এবং গৌরীপুর থানায় অবস্থান কর্মসূচি পালন করছে এলাকাবাসী।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর