চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। তিনি জানান, আগামী ২০ জুলাই ফলাফল প্রকাশ করা হবে, অর্থাৎ দুই মাসের মধ্যে ফল দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সেশন জট কমাতে সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার সময়সূচি এক বছর আগেই ঘোষণা করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা আগেভাগেই প্রস্তুতি নিতে পারে।
শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন চলমান প্রকল্প নিয়েও কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া সারাদেশে ইনোভেশন, আইডিয়া, শোকেসিং ও স্টার্ট-আপ কার্যক্রম ব্যাপকভাবে চলছে, যার আনুষ্ঠানিক সমাপ্তি হবে ২৮ ও ২৯ জুন।
তিনি জানান, ২৯ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে তিনি জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে সুনাগরিক তৈরি হবে। পাশাপাশি সুস্থ প্রজন্ম গঠনে খেলাধুলার গুরুত্ব রয়েছে, যাতে শিক্ষার্থীরা ট্যাব বা মোবাইলের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকে।
এছাড়াও সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা নয়, বর্তমান সরকারের লক্ষ্য আগামীর বাংলাদেশ গড়ার কান্ডারি হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা। বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে চায় সরকার। সৃজনশীল এবং মেধার বহিঃপ্রকাশ ঘটে এমন বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রাথমিকভাবে লার্নিং উইথ হ্যাপিনেস ক্লাস সিক্স থেকে শুরু হচ্ছে, পরবর্তীতে অন্য ক্লাসগুলোতেও এটি থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর