পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় মানহীন আচার ও চকোলেট বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন বার্মিজ মার্কেটে অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। এ সময় কুয়াকাটা এন্টারপ্রাইজ এবং আয়াত পার্সেল হাউজ অ্যান্ড বার্মিজ শপ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যবসায়ী মহিবুল্লাহ (৩৩) ও বাবু (২৮)-কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের খবর ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী দ্রুত দোকান বন্ধ করে এলাকা ত্যাগ করেন। একই সঙ্গে তারা দোকানে থাকা মানহীন আচার ও চকোলেট সরিয়ে ফেলায় অন্যান্য দোকানে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, কিছু ব্যবসায়ী বিদেশি পণ্যের মোড়কে দেশীয় নিম্নমানের আচার ও চকোলেট বিক্রি করে পর্যটক ও দর্শনার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫৩ ধারায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ জরিমানা করা হলেও ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর