কৃষক কার্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত টাঙ্গাইল সদর উপজেলার কৃষক কবির হোসেন মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত আটটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টাঙ্গাইলের কৃষি কর্মকর্তাদের কাছ থেকে তিনি এ খবর পেয়েছেন। মঙ্গলবার রাতে বোনের বাড়িতে অবস্থানকালে কবির হোসেন হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানেই তার মৃত্যু হয়।
আব্দুর রহিম বলেন, “আমি আগে তার বাড়িতে গিয়েছিলাম। তিনি অত্যন্ত ভালো একজন কৃষক ছিলেন। কৃষিকাজের প্রতি তার আন্তরিকতা ও নিষ্ঠা ছিল প্রশংসনীয়।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের টাঙ্গাইলের উপপরিচালক মো. আশেক পারভেজ জানান, উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে তিনি কবির হোসেনের মৃত্যুর খবর পেয়েছেন। বুধবার সকাল ১০টায় তার গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারাটিয়া গ্রামের বাসিন্দা কবির হোসেন সম্প্রতি কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। কৃষি সহায়তা ও কৃষক কার্ড বিষয়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়।
তবে আলোচনার পাশাপাশি তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারও ছড়ানো হয়। কেউ কেউ তাকে প্রকৃত কৃষক নন বলে দাবি করেন। পরে সাংবাদিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা তার বাড়ি ও কৃষিজমি পরিদর্শন করে তাকে একজন সক্রিয় কৃষক হিসেবে নিশ্চিত করেন। এরপরও তার ছবি ব্যবহার করে বিভিন্ন বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, এসব ঘটনার কারণে কবির হোসেন কিছুটা মানসিক চাপে ছিলেন।
দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত কবির হোসেন স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে সোচ্চার ভূমিকা পালন করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও সহকর্মী কৃষকেরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার স্মৃতিচারণ করে শোকবার্তা দিচ্ছেন।
কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সুলতান সালাউদ্দিন টুকু এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।
শোকবার্তায় সুলতান সালাউদ্দিন টুকু মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর