বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নিহত শিশু ফাতেমা আক্তার (৭)-এর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ জুন/২৬) দুপুরে নিহত ফাতেমার মা ফজিলা খাতুনের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা এবং সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ হাজার টাকা ও ২ বান্ডিল ঢেউটিন তুলে দেওয়া হয়। জানা যায়,গত ১ জুন রাতে মাজারের দিঘিতে থাকা একটি কুমির শিশু ফাতেমাকে পানিতে টেনে নিয়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসক সাইফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের নজরে আসে। জেলা প্রশাসকের নির্দেশনায় পরিবারটির জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মীরা সহায়তার চেক হস্তান্তর করেন।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান করেন। অসহায় পরিবারটির পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পরিবারটির সদস্যরা জেলা প্রশাসক সাইফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে চর খরিচা ও চর হরিচাঁদ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রশাসনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর