• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৭ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৫০ সেকেন্ড পূর্বে
জিহাদ রানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০৬:৫১ বিকাল

দুই দফা দাবিতে শেবাচিমে ডেন্টাল শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা দীর্ঘদিনের নানা সংকটের কথা তুলে ধরে দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আজ শনিবার (২৭ জুন) দুপুরে শেবাচিম ক্যাম্পাসে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিডিএস শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ডেন্টাল ইউনিটে অনুমোদিত ৫২টি শিক্ষক পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১১ জন শিক্ষক। ফলে প্রায় ৭৪ শতাংশ শিক্ষক পদ শূন্য রয়েছে। এই সীমিত সংখ্যক শিক্ষক দিয়েই একাডেমিক ও ক্লিনিক্যাল কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা শিক্ষার মান বজায় রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

তারা বলেন, দেশের অন্যান্য ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে স্বতন্ত্র ভবন থাকলেও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের জন্য এখনো আলাদা ভবন নির্মাণ করা হয়নি। বর্তমানে পাঁচটি ব্যাচের শিক্ষার্থীদের জন্য মাত্র একটি শ্রেণিকক্ষ ব্যবহৃত হচ্ছে, ফলে স্বাভাবিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষক সংকটের কারণে বিদ্যমান শিক্ষকদের ওপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি হয়েছে। ফলে তারা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রয়োজনীয় একাডেমিক ও ক্লিনিক্যাল সহায়তা যথাযথভাবে দিতে পারছেন না। এতে শিক্ষক ও শিক্ষার্থী উভয় পক্ষকেই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

তারা আরও বলেন, ‘এ অবস্থায় আমরা কীভাবে মানসম্মত ও পূর্ণাঙ্গ শিক্ষা লাভ করব, সেটিই আমাদের প্রধান প্রশ্ন। এই সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার লক্ষ্যে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছি। বরিশাল অঞ্চলে ডেন্টাল চিকিৎসাসেবার অন্যতম প্রধান কেন্দ্র হলো শেবাচিম ডেন্টাল ইউনিট। এখান থেকেই ভবিষ্যতের দন্তচিকিৎসকরা গড়ে উঠবেন। কিন্তু পর্যাপ্ত শিক্ষক না থাকলে সেই লক্ষ্য অর্জন করা কঠিন। বর্তমানে মাত্র ১১ জন শিক্ষকের পক্ষে ১০টি বিভাগের পাঠদান ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা বাস্তবসম্মত নয়।

অবিলম্বে সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়ে তারা বলেন, ‘জনসাধারণকে মানসম্মত চিকিৎসাসেবা দিতে হলে আগে আমাদের দক্ষ ও যোগ্য চিকিৎসক হিসেবে গড়ে উঠতে হবে। আর সে জন্য প্রয়োজন পর্যাপ্ত শিক্ষক, অবকাঠামো ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তারা শিক্ষক নিয়োগ, শূন্য পদ পূরণ এবং ডেন্টাল ইউনিটের জন্য পৃথক ভবন নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]