ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। রোববার (২৮ জুন) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী থাকলেও শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। তবে এই ড্রই গ্রুপসেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করতে যথেষ্ট ছিল কলম্বিয়ার জন্য।
গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে দুই দল। সমীকরণ অনুযায়ী কলম্বিয়ার জন্য ড্রই যথেষ্ট ছিল, কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে পর্তুগালের প্রয়োজন ছিল জয়।
প্রথমার্ধে তুলনামূলক বেশি সুযোগ তৈরি করে কলম্বিয়া। লুইস দিয়াজ ও জহন কর্দোবার নেতৃত্বে একাধিক আক্রমণে চাপে পড়ে পর্তুগালের রক্ষণভাগ। ম্যাচের ২৫তম মিনিটে কর্দোবার শক্তিশালী শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক দিওগো কোস্তা। তার সেই সেভ পর্তুগালকে নিশ্চিত গোল হজমের হাত থেকে বাঁচায়।
এর কিছুক্ষণ পর পেনাল্টির দাবিতে সরব হয় কলম্বিয়ার খেলোয়াড়রা। ভিএআরের সহায়তা নেওয়া হলেও শেষ পর্যন্ত পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি।
অন্যদিকে পর্তুগালও আক্রমণে পিছিয়ে ছিল না। অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও ফেলিক্স কয়েকবার কলম্বিয়ার রক্ষণভাগে চাপ সৃষ্টি করেন। তবে প্রথমার্ধের শেষ দিকে পর্তুগালের একটি সম্ভাবনাময় আক্রমণ ডাভিনসন সানচেজের গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্সে ভেস্তে যায়। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের গতি ও উত্তেজনা অব্যাহত থাকে। বলের দখল এবং আক্রমণের সংখ্যায় এগিয়ে ছিল কলম্বিয়া। কিন্তু শেষ মুহূর্তে ফিনিশিংয়ের দুর্বলতায় কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি তারা। অন্যদিকে পর্তুগালও কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও কলম্বিয়ার রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় সাফল্য পায়নি।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে কলম্বিয়ান শিবির। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। সমান সংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় পর্তুগাল।
গ্রুপের অন্য দল কঙ্গো ৪ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে। ফলে গ্রুপ ‘কে’ থেকে কলম্বিয়া, পর্তুগাল ও কঙ্গো—এই তিন দলই খেলবে নকআউট পর্বে।
আগামী ৪ জুলাই নকআউট পর্বে ঘানার মুখোমুখি হবে কলম্বিয়া। আর ৩ জুলাই ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এখন দেখার বিষয়, গ্রুপ পর্বে অপরাজিত থাকা কলম্বিয়া নকআউটেও তাদের দুর্দান্ত ছন্দ ধরে রাখতে পারে কি না।
সাজু/নিএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর