ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের সময় ফরিদপুর-ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রোববার (২৮ জুন) সকালে উপজেলার পুখরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে জড়িতরা দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের গ্রাম্য আধিপত্যের বিরোধকে কেন্দ্র করে হামিরদী ইউনিয়নের মৌজী মহসরদী গ্রামের বাসিন্দাদের সঙ্গে মানিকদী ইউনিয়নের পুখরিয়া, ব্রাহ্মণকান্দাসহ পাঁচ গ্রামের বাসিন্দাদের বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের কারণে ফরিদপুর-ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পুখরিয়া বাসস্ট্যান্ড ও গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর