রাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য সরকারি কর্মকর্তার ওপর হামলা চালিয়ে হিরোইনসহ আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৮ জুন) দুপুরে ফরিদপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০ ও র্যাব-৬।
মেজর ফারহান মাহমুদ জানান, গত ২০ জুন দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হিরোইন উদ্ধার করা হয়। পরে তাকে সাজা প্রদানকালে তার সহযোগীরা কর্তব্যরত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালায়। এসময় ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারে র্যাবকে অনুরোধ জানানো হলে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর