বগুড়ার শেরপুর উপজেলায় আট পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহীন মণ্ডল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদরা বটতলা এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাহীন মণ্ডল উপজেলার ভাদরা যাদুমনি গ্রামের মো. জুরান মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ভাদরা বটতলা এলাকার একটি চায়ের দোকানে মাদক সেবন ও কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে ওই চায়ের দোকান থেকে শাহীনকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আটকের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। ছেলের গ্রেপ্তারের বিষয়ে শাহীনের মা হাসিনা বেগম আক্ষেপ প্রকাশ করে বলেন, কোনো মা-বাবাই চান না তার সন্তান মাদকাসক্ত হোক।
অভিযানের বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন বলেন, মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর