ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সহায়ক সামগ্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন/২৬) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপকার ভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ২৭টি হুইলচেয়ার, অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৫২টি সেলাই মেশিন, উপজেলার প্রায় ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন প্রজাতির গাছ ও খেলাধুলার সামগ্রী। এছাড়া অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ জনকে ৩৫ বান্ডিল ঢেউটিন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে আরও ১০ জনকে ২০ বান্ডিল ঢেউটিন ও ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সহায়তা প্রদান সরকারের অঙ্গীকারের অংশ।” তিনি আরও বলেন,শিশু - কিশোরদের মাদক ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়েছে।
তিনি দৃঢ়ভাবে বলেন,“উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না।” উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আমিনুল হক, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন, সিএ তারেকুল ইসলাম,তাকওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর