বিশ্বকাপে রাউন্ড অব ১৬ ম্যাচের আগে ইংল্যান্ড দলের খেলোয়াড়দের উচ্চতাজনিত শারীরিক সমস্যার প্রভাব কমাতে প্রয়োজনে ভায়াগ্রা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে এটি বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে।
কোনো খেলোয়াড় এটি ব্যবহার করবেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২৪০ মিটার (প্রায় ৭,৩৫০ ফুট) উচ্চতায় অবস্থিত। এই উচ্চতায় অক্সিজেনের ঘাটতির কারণে খেলোয়াড়দের শ্বাস-প্রশ্বাস ও সহনশীলতায় প্রভাব পড়তে পারে। এ কারণে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল ও মেডিক্যাল টিম বিভিন্ন বৈজ্ঞানিক প্রস্তুতি ও বিকল্প পদ্ধতি বিবেচনা করছে।
নিউজবাংলা আঠেরোর প্রতিবেদন অনুযায়ী, ভায়াগ্রা (সিলডেনাফিল) উচ্চতাজনিত কিছু শারীরিক সমস্যায় ফুসফুসের রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে। এটি বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থার (WADA) নিষিদ্ধ তালিকায় নেই, তাই নিয়ম অনুযায়ী এর ব্যবহার বৈধ। তবে উচ্চতায় এর কার্যকারিতা নিয়ে গবেষণায় ভিন্ন ভিন্ন ফল পাওয়া গেছে।
অন্যদিকে রয়টার্স জানিয়েছে, ইংল্যান্ড শিবির প্রকাশ্যে উচ্চতা বা পরিবেশ নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেনি এবং তারা মূলত ম্যাচের প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছে।
এস্তাদিও আজতেকা স্টেডিয়ামটি একসময় নিয়মিত ব্যবহৃত হলেও এখন তুলনামূলকভাবে কম ম্যাচ অনুষ্ঠিত হয়। তবু গুরুত্বপূর্ণ রাউন্ড অব ১৬ ম্যাচটি এখানেই হওয়ার কথা রয়েছে।
চলতি বিশ্বকাপে মেক্সিকো দারুণ ফর্মে রয়েছে এবং তারা টানা চারটি ম্যাচ জিতেছে। আজতেকায় তাদের রেকর্ডও শক্তিশালী এই মাঠে ৮৯ ম্যাচে মাত্র দুইবার হেরেছে, সর্বশেষ পরাজয় ২০১৩ সালে।
ইংল্যান্ড দল শক্তিশালী স্কোয়াড ও কৌশলগত দিক থেকে এগিয়ে থাকলেও উচ্চতার মতো শারীরিক চ্যালেঞ্জ তাদের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে। আগের রাউন্ডে ডিআর কঙ্গোর বিপক্ষে শেষ মুহূর্তে হ্যারি কেইনের দুই গোলে ২–১ ব্যবধানে জিতে তারা পরের পর্বে ওঠে।
বিশ্বকাপে ইতিমধ্যেই একাধিক অঘটন ঘটেছে, তাই শিরোপার দৌড়ে টিকে থাকতে ইংল্যান্ডকে সর্বোচ্চ পারফরম্যান্স দেখাতে হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর