চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মনজুর আলম মঞ্জু নামে এক স্থানীয় বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মঞ্জু চসিক ২৬ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজেকে পরিচয় দিতেন৷
সিএমপি'র হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভিত্তিতে অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ফুটপাতে ব্যবসা করা কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে এক ব্যক্তি টাকা সংগ্রহ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা ওই ব্যক্তিকে মঞ্জু হিসেবে শনাক্ত করেন এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ তোলেন।
হালিশহর থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ভাইরাল ভিডিওটির সত্যতা, অর্থ সংগ্রহের উদ্দেশ্য এবং এটি নিয়মিত চাঁদাবাজির অংশ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত মঞ্জু বছর খানেক আগে এলপিজি গ্যাসের বোতলে পানি ভরে ওজন কারচুপির অভিযোগেও অভিযুক্ত হয়েছিলেন৷
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর