জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতুর দাবি, বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে।
রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তামান্না সেতু এ দাবি করেন। তিনি জানান, বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটি বিপুলসংখ্যক রিপোর্টের কারণে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
পোস্টে তিনি আরও দাবি করেন, যে পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল, সেটি শাওন নিজে মুছে দেননি। এ তথ্য তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন শাওন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা ওই অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে বিভ্রান্তিকর ও আপত্তিকর মন্তব্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর