বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও পুরোপুরি স্বস্তিতে নেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাশার চেয়ে বেশি লড়াই করতে হওয়ায় দলের বেশ কয়েকটি দুর্বলতা সামনে চলে এসেছে। ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে মিশরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন আনার কথা ভাবছেন কোচ লিওনেল স্কালোনি।
টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে নামা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল শুরুতে দুর্দান্ত ছন্দে থাকলেও কেপ ভার্দের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। প্রতিপক্ষ আর্জেন্টিনার রক্ষণ ও মাঝমাঠের কিছু দুর্বলতা কাজে লাগিয়ে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এ কারণে পরবর্তী ম্যাচের আগে দলকে আরও ভারসাম্যপূর্ণ করার পরিকল্পনা করছেন স্কালোনি।
সবচেয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে আক্রমণভাগে। এবারের বিশ্বকাপে বাম প্রান্তে নিয়মিত সুযোগ পাওয়া থিয়াগো আলমাদা কেপ ভার্দের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। অন্যদিকে বদলি হিসেবে নেমে দারুণ ছন্দে ছিলেন নিকো গনসালেস। তাই মিশরের বিপক্ষে আলমাদার জায়গায় নিকো গনসালেসকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
রক্ষণভাগেও পরিবর্তনের আভাস মিলেছে। বাম উইং-ব্যাক পজিশনে নিকোলাস তালিয়াফিকোকে খেলানোর পরিকল্পনা করছে কোচিং স্টাফ। পাশাপাশি মাঝমাঠে রদ্রিগো দে পল সাম্প্রতিক ম্যাচগুলোতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। বল নিয়ন্ত্রণ ও খেলার গতি তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে না পারায় তার পরিবর্তে লিয়ান্দ্রো পারেদেসকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার রক্ষণভাগও বেশ নড়বড়ে ছিল। ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানো দলটির জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। তুলনামূলক কম অভিজ্ঞ প্রতিপক্ষ যেভাবে আর্জেন্টিনাকে চাপে রেখেছিল, তাতে আরও শক্তিশালী দলের বিপক্ষে একই ধরনের পারফরম্যান্স বড় বিপদের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ কারণেই মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলীয় ছন্দ ফিরিয়ে আনা এবং দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে কৌশল ও একাদশে পরিবর্তনের পথে হাঁটতে পারেন স্কালোনি। এখন দেখার বিষয়, কোচের সম্ভাব্য রদবদল কতটা কার্যকরভাবে আর্জেন্টিনাকে পরবর্তী পর্বে এগিয়ে নিতে পারে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর