চলতি বিশ্বকাপে মাঠের প্রতিপক্ষের পাশাপাশি তীব্র গরমের সঙ্গেও লড়তে হচ্ছে দলগুলোকে। কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয়ে সেই ভোগান্তির শিকার হয়েছিল আর্জেন্টিনা। তবে শেষ ষোলোর ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তির খবর পেয়েছে আলবিসেলেস্তেরা।
আগামীকাল আটলান্টায় স্থানীয় সময় দুপুর ১২টায় শেষ ষোলোর লড়াইয়ে মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে, যেখানে তাপমাত্রা ও আবহাওয়ার প্রভাব নিয়ে খুব বেশি চিন্তা করতে হচ্ছে না লিওনেল স্কালোনির দলকে।
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই স্টেডিয়ামটি এয়ার-কন্ডিশন্ড। এছাড়া এখানে ছাদ খোলা ও বন্ধ করার ব্যবস্থাও রয়েছে। ফলে বাইরের আবহাওয়ার প্রভাব মাঠের পরিবেশে তেমন পড়বে না। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা খেলোয়াড়দের জন্য সহনীয় বলেই মনে করা হচ্ছে।
এর আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে তীব্র গরম ও উচ্চ আর্দ্রতা আর্জেন্টিনার খেলোয়াড়দের বেশ ভুগিয়েছে। ম্যাচ চলাকালে একাধিক ফুটবলার ক্র্যাম্পে আক্রান্ত হন। বিশেষ করে ফাকুন্দো মেদিনা ও এনজো ফার্নান্দেজ শারীরিকভাবে বেশি সমস্যায় পড়েছিলেন।
সেই অভিজ্ঞতার পর মিসরের বিপক্ষে নকআউট ম্যাচের আগে আটলান্টার অনুকূল পরিবেশ আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির কারণ হয়ে উঠেছে। এখন আবহাওয়ার চিন্তা নয়, বরং মাঠের লড়াইয়েই পুরো মনোযোগ দিতে পারবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর