ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১১৯ বোতল ভারতীয় মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ঠেলাগাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীন মুন্সিপাড়া বিওপির আট সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১ নম্বর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের গিলাগড়া এলাকায় সীমান্ত পিলার ১১৪০/৮-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি করা হয়।
অভিযান চলাকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদ ও ঠেলাগাড়ি ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১১৯ বোতল ভারতীয় মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ঠেলাগাড়ি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও ঠেলাগাড়ি নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর