কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে একটি সুপারি বাগানে তাপপ্রতিরোধী তারজালি বেষ্টন করে (গ্রীনহাউজ পদ্ধতিতে) অর্ধশত ছোট বড় আকারের গাঁজা গাছের চাষ করে আসছিলেন ঐএলাকার চিহ্নিত মাদক কারবারি জামাল উদ্দিন (৫০) ও তার ছেলে রুবেল হোসেন (২৫)।
গোপন সংবাদের ভীত্তিতে বৃহস্পতিবার বিকেলে ওই বাগানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সীমান্তের কাটাঁতারের নীচের ড্রেনেজ লাইন দিয়ে ভারতের দিকে পালিয়ে যায় অভিযুক্ত মাদককারবারি পিতা-পুত্র। এসময় ওই বাগান থেকে অর্ধশত গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানালেন, উদ্ধারকৃত গাঁজা গাছের পাশাপাশি গাছ পরিচর্যার জন্য বিশেষভাবে নির্মিত তাপমাত্রা ও বৃষ্টি প্রতিরোধী বেষ্টনীও জব্দপূর্বক থানায় হস্তান্তর করা হয়। অভিযুক্ত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর