গত কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস-দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে গেছে। আর সেই পানির তীব্র ঢলে রাঙ্গামাটি-বান্দরবান সড়কের ব্রিজঘাট সেতুটি ধসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়৷
শনিবার (১১ জুন) দিবাগত রাতে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে রাঙ্গামাটি-বান্দরবান সড়কের ব্রিজঘাট সেতুটি ধসে পড়ার ঘটনা ঘটে। ফলে শনিবার সকাল থেকে সড়কটিতে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে ওই এলাকায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোত ছিল। সেখানকার একটি রাবার ড্যাম (বেড়িবাঁধ) ভেঙে যায়। একপর্যায়ে রাতের কোনো এক সময়ে পানির তোড়ে সেতুটির একটি অংশ ধসে পড়ে। এরপর থেকে ঐ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ এতে করে ঐ পুথে যাতায়াতকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত, শিক্ষা প্রতিষ্ঠান ও এমন কি জরুরি সেবাদানকারী সংস্থার লোকজনকে চরম বিপাকে পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই তাদের এই পাহাড়ি ঢলের শিকার হতে হয়। কিন্তু এ নিয়ে কোনো স্থায়ী সমাধান বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ফলে পানির তীব্র স্রোতে ব্রিজঘাট সেতু ধসে পড়েছে। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
তিনি বলেন, যোগাযোগ পুনঃস্থাপনের জন্য সওজের একটি দল প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ প্রস্তুত রয়েছে। তবে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়কের ওপর পানি থাকায় এখনো ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পানি নেমে গেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর