রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড়ি সংগঠনের ডাকা অবরোধের মুখে সাজেক ও আশপাশের এলাকার জনজীবন স্বাভাবিক রাখতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তা জোরদারে সক্রিয় ভূমিকা পালন করছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকীর সার্বিক দিকনির্দেশনায় সাজেক-বাঘাইহাট সড়কসহ সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যাটালিয়নের টহল দল ও নিরাপত্তা চৌকিগুলোর নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাজেকে আসা পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দিন-রাত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, বিজিবির নিয়মিত টহল, নিরাপত্তা তৎপরতা এবং কার্যকর ভূমিকার ফলে সাজেক ও তৎসংলগ্ন এলাকার সর্বসাধারণের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে। এলাকার সার্বিক শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে বিজিবির এই তৎপরতা অব্যাহত রয়েছে।
পরিস্থিতি প্রসঙ্গে ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী জানান, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। সাজেক এলাকায় শান্তি, সম্প্রীতি ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমাদের এই বিরামহীন নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
একই সাথে সাজেক এলাকার সার্বিক আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো উপায়ে ছড়ানো গুজোব ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর