বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে নরওয়ে। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রেফারিং। একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের বাবা ও সাবেক ফুটবলার আলফ-ইঙ্গে হালান্ড।
ম্যাচ শেষে ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জুড বেলিংহামের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে তার জবাবে আলফ-ইঙ্গে হালান্ড লেখেন, "দারুণ খেলেছে বেলিংহাম আর রেফারিও।" তার এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নরওয়ের ক্ষোভের মূল কারণ ছিল দুটি সিদ্ধান্ত। প্রথমার্ধের যোগ করা সময়ে ইংল্যান্ডের সমতাসূচক গোলের আগে বলটি স্টেডিয়ামের ওপরের ক্যামেরার তারে লেগেছিল বলে দাবি করে নরওয়ে। তাদের মতে, এতে বলের গতিপথ বদলে যাওয়ায় খেলা থামানো উচিত ছিল। তবে ফিফা জানায়, প্রযুক্তিনির্ভর 'কানেক্টেড বল' সেন্সরের তথ্য অনুযায়ী বল কোনো তার স্পর্শ করেনি।
এছাড়া ৫৫ মিনিটে কর্নার থেকে তরবিয়র্ন হেগেমের করা গোলও ভিএআরের মাধ্যমে বাতিল করা হয়। রেফারির সিদ্ধান্ত ছিল, কর্নার নেওয়ার আগে আর্লিং হালান্ড ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করেছিলেন।
ম্যাচে প্রথমে ৩৬ মিনিটে আন্দ্রিয়াস শেলডারুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। বিরতির ঠিক আগে জুড বেলিংহাম সমতা ফেরান। পরে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে জয় এনে দেন তিনি।
এই জয়ে ইংল্যান্ড নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। টমাস টুখেলের দল শেষ চারে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
সাজু/নিএ
সর্বশেষ খবর