টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
তিনি বলেন, সোমবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আগামী বুধবার (১৫ জুলাই) পর্যন্ত একই পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ফের সক্রিয় হবে মৌসুমি বৃষ্টিপাত, যা টানা এক থেকে তিন দিন স্থায়ী হতে পারে। যদিও এ সময়ের আগেও দেশের কিছু এলাকায় ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গত ২৭ ঘণ্টায় ঢাকায় চলতি বছরের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের অন্যতম সর্বোচ্চ বর্ষণ।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি বৃষ্টিপাত হতে পারে।
সংস্থাটি জানিয়েছে, দেশের সার্বিকভাবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও কয়েকটি অঞ্চলে আগামী কয়েক দিন ভারি বর্ষণের ঝুঁকি বহাল থাকবে। তাই এসব এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর