কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধ করতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে আন্ধারীঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল।
এসময় ওই গ্রামের সাইফুর রহমানের ছেলে নুর নবীর (৩৫) বাড়িতে ৪২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পাওয়া যায়। তিনি বিক্রির উদ্দেশে জালগুলো মজুদ করে রেখেছিলেন। জব্দ জালের আনুমানিক দৈর্ঘ্য তিন হাজার মিটার বা তিন কিলোমিটার। অভিযানের সময় নুর বাড়িতে না থাকায় পুলিশ তাকে আটক করতে পারেনি।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান , চায়না দুয়ারি বা ম্যাজিক জাল অত্যন্ত ক্ষতিকর মাছ ধরার ফাঁদ। এতে ছোট-বড় যেকোনো জলজ প্রাণী একবার ঢুকলে আর বের হতে পারে না। দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীব বৈচিত্র্য ধ্বংসের কারণে বাংলাদেশে এই জাল উৎপাদন, আমদানি ও ব্যবহার আইনত দণ্ডনীয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দেশীয় জীব-বৈচিত্র্য রক্ষার্থে নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর