টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আকস্মিক এই বন্যায় পানিবন্দী হয়ে পড়া হাজারো মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের ৭ বিজিবি (বাবুছড়া ব্যাটালিয়ন)।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার দুর্গত মেরুং এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, এসপিপি-এর সরাসরি তত্ত্বাবধানে এই ত্রাণসামগ্রী ও জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
বন্যা পরিস্থিতি ও বিজিবির উদ্ধার অভিযান প্রসঙ্গে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন, 'সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আর্তমানবতার সেবায় বিজিবি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের কাছে খাদ্য ও চিকিৎসা পৌঁছে দিতে আমাদের সদস্যরা দিনরাত কাজ করছেন। যতদিন না পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হচ্ছে, আমাদের এই মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।'
এদিন বিজিবির একটি বিশেষ উদ্ধার ও ত্রাণ দল নৌকা ও স্পিডবোটযোগে মেরুং ইউনিয়নের বিভিন্ন দুর্গম ও প্লাবিত এলাকায় পৌঁছে যায়। সেখানে পানিবন্দী দুস্থ পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেলসহ শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। একই সাথে বিজিবির মেডিকেল টিমের পক্ষ থেকে অসুস্থ নারী, শিশু ও বৃদ্ধদের বিনামূল্যে জরুরি ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
বিজিবির এই তাৎক্ষণিক সাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মেরুং এলাকার বাসিন্দা প্রদীপ চাকমা বলেন, 'হঠাৎ পানি উঠে ঘরবাড়ি ডুবে যাওয়ায় আমরা খুব বিপদে পড়েছিলাম। এই কঠিন সময়ে বিজিবির জোয়ানরা খাবার আর ডাক্তার নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। তাদের এই ভূমিকা সত্যিই প্রশংসনীয়।'
বর্তমানে বিজিবি স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় করছে বলে জানিয়েছে বিজিবি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর