ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে তৈরি হয়েছে সাময়িক উদ্বেগ। নিয়মিত অনুশীলনে দেখা যায়নি অধিনায়ক লিওনেল মেসিকে। তবে এটি কোনো চোটের কারণে নয়, বরং টানা দুই ম্যাচের শারীরিক ধকল কাটিয়ে তুলতেই তাকে পুনরুদ্ধার (রিকভারি) প্রক্রিয়ায় রাখা হয়েছে।
আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলে জানিয়েছে, সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিটের কঠিন লড়াইয়ের পর মেসিকে মাঠের অনুশীলনের বদলে বিশেষ রিকভারি সেশনে রাখা হয়েছে। কোচিং স্টাফ মনে করছে, সেমিফাইনালের আগে তাকে পূর্ণ ফিট রাখতে এই বিশ্রামই সবচেয়ে কার্যকর।
চলতি বিশ্বকাপের নকআউট পর্বে টানা দুটি ম্যাচই অতিরিক্ত সময়ে খেলতে হয়েছে আর্জেন্টিনাকে। শেষ ষোলোতে মিসর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে ফল না আসায় আরও ৩০ মিনিট করে খেলতে হয়েছে। এতে দলের অন্য খেলোয়াড়দের মতো মেসির ওপরও পড়েছে বাড়তি শারীরিক চাপ।
সুইজারল্যান্ডের বিপক্ষে গোল না পেলেও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ২০২২ বিশ্বকাপের পর এবারই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে গোলশূন্য থাকলেন তিনি। তবে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলের আক্রমণ তৈরিতে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সময় শুরুর আগেও নিজে একটি দারুণ গোলের সুযোগ তৈরি করেছিলেন মেসি।
পরে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচ শেষে টানা দুইটি কঠিন লড়াইয়ের প্রভাবের কথা স্বীকার করেন মেসি। তিনি বলেন, "আমরা অবশ্যই ক্লান্ত। তবে যত দ্রুত সম্ভব নিজেদের সেরা অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করব। সামনে যে ম্যাচটি রয়েছে, তার গুরুত্ব আমরা সবাই জানি। ফাইনালে জায়গা করে নিতে আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব।"
সূত্র: ওলে (Olé)।
সাজু/নিএ
সর্বশেষ খবর