সরকারি ব্যয় সাশ্রয় ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন আর্থিক সুবিধা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। সুদমুক্ত গাড়ি ঋণ সুবিধা স্থগিতের পর এবার মোটরযান রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকায় নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
এ ছাড়া দেশে ও বিদেশে পূর্ণ স্কলারশিপ বা ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষায় যাওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে প্রেষণ (ডেপুটেশন) সুবিধার পরিবর্তে শিক্ষা ছুটি দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আর্থিক সুবিধা কমবে।
এ বিষয়ে অর্থ বিভাগ গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পৃথক দুটি চিঠি পাঠিয়েছে।
এর আগে সরকার উপসচিব থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য ৩০ লাখ টাকার সুদমুক্ত গাড়ি ঋণ সুবিধাও আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে অর্থ বিভাগ বলেছে, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে গাড়ি সেবা নগদায়নের আওতায় মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সুযোগ রয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মোটরযান রক্ষণাবেক্ষণ ভাতা মাসিক ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা নির্ধারণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অন্য চিঠিতে বলা হয়েছে, পূর্ণ স্কলারশিপ বা ফেলোশিপ নিয়ে দেশে বা বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত কর্মকর্তারা পড়াশোনা, আবাসন ও জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা পান। বর্তমানে তারা প্রেষণে থাকায় স্কলারশিপের পাশাপাশি সরকারি বেতন-ভাতাও গ্রহণ করেন।
অর্থ বিভাগের মতে, এ ক্ষেত্রে প্রেষণের পরিবর্তে শিক্ষা ছুটি দেওয়া হলে অতিরিক্ত সরকারি ব্যয় কমানো সম্ভব হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবটি কার্যকর হলে শিক্ষা ছুটিতে থাকা কর্মকর্তারা বর্তমানে যে পূর্ণ বেতন-ভাতা পান, তার পরিবর্তে অর্ধেক বেতন পাবেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর