নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের পাটুল এলাকায় অবৈধ কারেন্ট জাল দিয়ে পোনা মাছ নিধন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৯০০ ফুট সিন্থেটিক জাল, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা, জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া অবৈধ মাছ ধরার কাজে ব্যবহৃত ৪টি নৌকা জব্দ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানার পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান খাঁন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মোবাইল কোর্টে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ধারা ৫ অনুযায়ী দুটি মামলায় মোট ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। অভিযান চলাকালে পোনা মাছ ধরায় ব্যবহৃত আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের প্রায় ৯০০ ফুট কারেন্ট/সিন্থেটিক জাল জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অবৈধ মাছ ধরার কাজে ব্যবহৃত চারটি নৌকাও জব্দ করা হয়।
জব্দ করা পোনা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। দেশীয় মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পোনা মাছ নিধন বন্ধে অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর