বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ম্যাচ।
ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে সুপারকম্পিউটারের পূর্বাভাস কেউই স্পষ্টভাবে কোনো দলকে এগিয়ে রাখতে পারছে না। এমন অবস্থায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
তবে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে ঘিরে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ী একাদশই ধরে রাখার সম্ভাবনা থাকলেও মাঝমাঠে একটি পরিবর্তন আসতে পারে। আর সেই পরিবর্তনের শিকার হতে পারেন অভিজ্ঞ ডি পল।
সাম্প্রতিক কয়েকটি ম্যাচে ডি পলকে নির্ধারিত সময়ের আগেই মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে। সেটিই তার ফিটনেস ও ম্যাচ খেলার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। যদিও এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বা কোচ স্কালোনির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
যদি শেষ পর্যন্ত ডি পল শুরুর একাদশে না থাকেন, তাহলে তার জায়গায় নিকোলাস গঞ্জালেস অথবা জুলিয়ানো সিমিওনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নিকোলাস গঞ্জালেস টুর্নামেন্টজুড়ে বদলি হিসেবে নেমে ইতিবাচক প্রভাব রেখেছেন। তাকে একাদশে দেখা গেলে আর্জেন্টিনার মাঝমাঠে গতি ও আক্রমণাত্মক বৈচিত্র্য বাড়তে পারে। অন্যদিকে জুলিয়ানো সিমিওনেকে খেলানো হলে সেটি হবে স্কালোনির বড় চমক।
রক্ষণভাগেও একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্তিয়েল কাকে দেখা যাবে, তা এখনও নিশ্চিত নয়।
এদিকে ম্যাচের কয়েক ঘণ্টা বাকি থাকলেও আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে রহস্য বজায় রেখেছেন স্কালোনি। বরাবরের মতো ম্যাচের আগে চূড়ান্ত একাদশ ঘোষণা করবেন তিনি।
বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের শক্তিশালী আক্রমণভাগ সামাল দিয়ে নিজেদের ছন্দ ধরে রাখাই এখন আর্জেন্টিনার প্রধান লক্ষ্য। অন্যদিকে, ডি পল শেষ পর্যন্ত খেলবেন কি না, সেটিই এখন আর্জেন্টিনা সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহলের বিষয়।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর