আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। হেক্সা জয়ের প্রত্যাশা এবারও পূরণ হয়নি। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করে সেলেসাওরা। ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের বিদায়ের নায়ক হন আর্লিং হালান্ড, আর ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার।
এই হারের ফলে চারটি বিশ্বকাপ খেলেও শিরোপার স্বাদ না পাওয়ার আক্ষেপ আরও দীর্ঘ হলো নেইমারের। সেই অপূর্ণতার আবেগকেই নতুনভাবে সামনে এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত একটি ভিডিও, যা দেখে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি প্রকাশ করে ‘নের্ড সোউল এআই’ নামের একটি অ্যাকাউন্ট। ভিডিওতে কল্পনার এক আবেগঘন দৃশ্যে দেখা যায়, সান্তোসের জার্সি পরা ছোট্ট নেইমারের সামনে হাজির হন ভবিষ্যতের নেইমার। নিজেকে ‘ভবিষ্যতের তুমি’ হিসেবে পরিচয় দিয়ে তিনি অতীতের নিজের সঙ্গে কথোপকথনে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে শিশু নেইমার প্রশ্ন করে, ‘আমরা কত বছর বয়সে প্রথম বিশ্বকাপ জিতেছিলাম?’
জবাবে আবেগঘন কণ্ঠে ভবিষ্যতের নেইমার বলেন, ‘আমি এ কারণেই তোমার কাছে এসেছি। আমরা বিশ্বকাপ জিততে পারিনি। আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি। কিন্তু একা আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। তাই তোমার সাহায্য চাই। তুমি কি চাও, আমি শেষবারের মতো আরেকবার চেষ্টা করি?’
ভিডিওর শেষ দৃশ্যে আরও বয়স্ক এক নেইমারকে দেখা যায় হাতে ‘২০৩০’ খোদাই করা একটি বিশ্বকাপ ট্রফি নিয়ে। এরপর ছোট্ট নেইমারের উত্তরেই শেষ হয় ভিডিওটি—‘হ্যাঁ, শেষবারের মতো আরেকবার বিশ্বকাপ জেতার চেষ্টা করো।’
ভিডিওটি প্রকাশের পর নিজেও এতে প্রতিক্রিয়া জানান নেইমার। ইনস্টাগ্রামে তিনটি ভালোবাসা ও আবেগের ইমোজি দিয়ে মন্তব্য করেন তিনি, যা মুহূর্তেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
প্রকাশের প্রথম ১২ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩ কোটি ৩০ লাখের বেশি ভিউ অর্জন করে। পাশাপাশি এতে প্রায় ৩৭ লাখ রিয়্যাকশন, ১ লাখ ৯০ হাজারের বেশি মন্তব্য এবং ১০ লাখেরও বেশি শেয়ার হয়।
যদিও এটি সম্পূর্ণ কল্পনানির্ভর এআই ভিডিও, তবু ২০৩০ বিশ্বকাপে শেষবারের মতো নেইমারকে দেখার আশা ভক্তদের মনে নতুন করে উসকে দিয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর