ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালের এই হাইভোল্টেজ ম্যাচে গোল না পেলেও দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক লিওনেল মেসি।
আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার দুটি গোলই এসেছে মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে। জোড়া অ্যাসিস্ট করে শুধু দলকে ফাইনালে তুলেই ক্ষান্ত হননি, ব্যক্তিগত অর্জনেও এগিয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির গোল ৮টি এবং অ্যাসিস্ট ৪টি। অন্যদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের গোলও ৮টি, তবে অ্যাসিস্ট ৩টি। বিশ্বকাপের গোল্ডেন বুট নির্ধারণে গোলসংখ্যা সমান হলে অ্যাসিস্ট বিবেচনা করা হয়। সেই হিসেবে এমবাপ্পেকে পেছনে ফেলে এখন শীর্ষে উঠে এসেছেন মেসি।
গোল্ডেন বুটের দৌড়ে বর্তমান অবস্থান:
লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল, ৪ অ্যাসিস্ট
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ৮ গোল, ৩ অ্যাসিস্ট
আর্লিং হলান্ড (নরওয়ে): ৭ গোল
জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট
হ্যারি কেইন (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট
উসমান দেম্বেলে (ফ্রান্স): ৫ গোল, ২ অ্যাসিস্ট
মিকেল ওইয়ারসাবাল (স্পেন): ৫ গোল, ১ অ্যাসিস্ট
এই সাত ফুটবলারের মধ্যে হলান্ড ছাড়া বাকি ছয়জনের সামনে আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। আর রোববার বিশ্বকাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন।
ফাইনালে গোল বা অ্যাসিস্ট করতে পারলে গোল্ডেন বুটের দৌড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ থাকবে লিওনেল মেসির সামনে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর