বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে নিয়ে ওঠা ফিফার পক্ষপাতের অভিযোগের জবাব দিয়েছেন লিওনেল মেসি। সমালোচকদের উদ্দেশে আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, দলের সাফল্য কোনোভাবেই কাকতালীয় নয়। গত চার বছরে ধারাবাহিক পারফরম্যান্সই তাদের আবারও বিশ্বকাপের ফাইনালে তুলেছে।
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সমালোচনার জবাব দেন মেসি।
বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাকে ঘিরে রেফারিং ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। অনেক সমর্থক ও বিশ্লেষক দাবি করেন, ফিফা আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসি বলেন, ‘যার যতই খারাপ লাগুক, গত চার বছরে আমরাই সেরা দল। মানুষ পছন্দ করুক বা না-ই করুক, যা-ই বলুক, আমরা আবারও বিশ্বের সেরা দুই দলের একটিতে জায়গা করে নিয়েছি। এটা প্রমাণ করে, আমাদের অর্জন কোনো কাকতালীয় ঘটনা নয় এবং কেউ আমাদের কিছু উপহার দেয়নি।’
তিনি আরও বলেন, ‘টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা খুব কম দলই পারে। আমরা সেটা করেছি।’
সমালোচকদের উদ্দেশে মেসির মন্তব্য, ‘যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকেই নানা ধরনের বাজে কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় দিক থেকে আমরা তাদের চেয়ে ভালো। যদিও এমন বড় ম্যাচে অনেক কিছুই ঘটতে পারে।’
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের দুই গোলেই ২-১ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি গোলেই অ্যাসিস্ট করেন মেসি।
ম্যাচ শেষে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেন মেসি। তিনি বলেন, ‘নিঃসন্দেহে দিয়েগো ওপর থেকে এই জয় উপভোগ করছেন। আজকের দিনটি তার জন্য খুবই বিশেষ। তাকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। এটাও তার জন্য একটি উপহার।’
সূত্র: এনডিটিভি স্পোর্টস
সাজু/নিএ
সর্বশেষ খবর