গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে পুনরায় অনৈতিকভাবে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাত্র কিছুদিন আগে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে এক উপ-পরিদর্শককে (এসআই) বদলি করার রেশ কাটতে না কাটতেই আবারও পুলিশের বিরুদ্ধে এমন অনিয়মের তথ্য সামনে এলো।
আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে শিমুল নামে এক ভুক্তভোগী সামাজিক যোগাযোগ মাধ্যমে কালীগঞ্জ থানার কম্পিউটার অপারেটর কনস্টেবল রাসেল মিয়ার বিরুদ্ধে এই অনৈতিক অর্থ দাবির অভিযোগ তোলেন। ভুক্তভোগী জানান, কিছুদিন আগে তিনি থানার সামনে নাজমুল নামে এক ব্যক্তির কম্পিউটার কম্পোজের দোকান থেকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন। তিন দিন পর আবেদনের অবস্থা পরীক্ষা করতে গিয়ে জানতে পারেন সেটি বাতিল হয়েছে। দোকানের মালিক নাজমুলের পরামর্শে তিনি পুনরায় আবেদন করেন। এর দুই-তিন দিন পর থানায় কর্তব্যরত অপারেটর কনস্টেবল রাসেলের কাছে গেলে তিনি জানান যে শিমুলের কাগজপত্রে ভুল রয়েছে। শিমুল এর প্রতিকার জানতে চাইলে কনস্টেবল রাসেল ১৫০০ টাকা দাবি করেন এবং বলেন এই টাকা দিলে তিনি সবকিছু ঠিক করে দেবেন।
কাগজপত্র সংশোধনের নামে পুলিশের এমন প্রকাশ্য অর্থ দাবির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে পুলিশের প্রতি চরম অনাস্থা তৈরি হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কনস্টেবল রাসেলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করে কিছুক্ষণ সাইলেন্ট রেখে কেটে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি আর ফোন ধরেননি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, মাত্র কিছুদিন আগে থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যার প্রেক্ষিতে অভিযুক্ত মোহাম্মদ মিজানুর রহমানকে বদলিও করা হয়েছিল। এই শাস্তি দেখেও যদি কেউ শিক্ষা গ্রহণ না করে পুনরায় অনৈতিক পথ অবলম্বন করে, তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে স্থানীয় এক গরু ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা আদায়ের অভিযোগে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমানকে থানা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির বিপরীতে শুধুমাত্র বদলির মতো লঘু শাস্তির কারণেই বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। পুলিশের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে বদলি নয়, বরং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনি শাস্তির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর