যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ইরানের দাবি বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতার জন্য অত্যন্ত বিপজ্জনক নজির তৈরি করবে।
তিনি বলেন, যদি মধ্যপ্রাচ্যে এমন একটি দৃষ্টান্ত তৈরি হয় যে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক জলপথ নিজের নিয়ন্ত্রণে নিয়ে টোল আদায় করবে এবং অর্থ পরিশোধ না করলে জাহাজে হামলার হুমকি দেবে, তাহলে ভবিষ্যতে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।
রুবিওর এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতকে কেন্দ্র করে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। প্রণালিটিতে অস্থিরতা দেখা দেওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের নেতারা হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির ফলে সম্ভাব্য বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় সেখানে যেকোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সর্বশেষ খবর