রসায়নে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী হেনরি কাগান ও কেনসো সোয়াই। অসমমিত জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্ব-অনুঘটন প্রক্রিয়া আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ বছরের রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
নোবেল কমিটির চেয়ারম্যান হেইনার লিংকে বলেন, এবারের পুরস্কারটি মৌলিক রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে ঘিরে। অনেক অণু দুই ধরনের সংস্করণে থাকে, যেগুলো দেখতে একে অপরের দর্পণ প্রতিবিম্বের মতো হলেও অভিন্ন নয়। এ ধরনের অণুকে ‘কাইরাল’ বলা হয়।
রসায়নে নোবেল হলো নোবেল সপ্তাহে ঘোষিত তৃতীয় পুরস্কার। এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞান এবং মঙ্গলবার পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সুইডিশ উদ্ভাবক ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী ১৯০১ সাল থেকে বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে অর্থনীতিতেও নোবেল স্মারক পুরস্কার চালু করা হয়।
গত বছর রসায়নে নোবেল পেয়েছিলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর ইয়াগি। ধাতু-জৈব কাঠামো বা ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উন্নয়নের জন্য তাদের পুরস্কৃত করা হয়।
এ বছরের নোবেলজয়ীরা আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফের কাছ থেকে পদক গ্রহণ করবেন। আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে আয়োজিত হবে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান। পরে স্টকহোম সিটি হলে ভোজের আয়োজন করা হবে।
হেনরি কাগান ও কেনসো সোয়াই যৌথভাবে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ, পুরস্কারের অর্থ পাবেন।
সূত্র: রয়টার্স
সাজু/নিএ
সর্বশেষ খবর