ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পথে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের কর্তা ও অপর এক ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল।
স্বজনদের ভাষ্য, দীর্ঘদিন ধরে পরিবারটি সৌদি আরবে বসবাস করছিল। বৃহস্পতিবার সকালে পরিবারের পাঁচ সদস্য একটি প্রাইভেটকারে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার পথে রওনা হন। পথিমধ্যে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর তাদের গাড়িটি একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তানিয়া তাহমিনা রিনা, তার ছেলে তাসবিক ও মেয়ে জারার মৃত্যু হয়। আহত দুইজনকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
নিহতের ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ বলেন, রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে তাদের বহনকারী প্রাইভেটকারের পেছনে একটি বড় যানবাহন সজোরে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে তার বোন, ভাগ্নে ও ভাগ্নি ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি আরও জানান, নিহতদের মরদেহ দেশে আনা হবে নাকি সৌদি আরবেই দাফন করা হবে, সে বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর সংবাদে সালথা উপজেলার আটঘর ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং আহত দুইজনের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
প্রবাসে বাংলা এর সর্বশেষ খবর