ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান বিক্ষোভের মধ্যে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি তরুণদের উদ্দেশে বলেন, তাদের কাছ থেকে পাওয়া ইতিবাচক সাড়া ও পরামর্শের জন্য তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, “তোমাদের ভালোবাসা আমার প্রতি অটুট থাকবে এবং আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে।”
এনডিটিভি জানায়, এর আগে বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁস লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। গত আড়াই মাসে সরকার এ বিষয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে এবং দায়ীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে জন্য দ্রুত পরীক্ষার আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব সংশ্লিষ্ট বিভাগগুলো প্রস্তুত করেছে। মন্ত্রিসভার অনুমোদনের পর আগামী সপ্তাহে সংসদে এ-সংক্রান্ত বিল উত্থাপনের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
এদিকে, দিল্লির যন্তর-মন্তরে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকার উচ্চশিক্ষা সচিব বিনীত জোশিকে অন্য মন্ত্রণালয়ে বদলি করেছে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ কর্মীকে বরখাস্ত করেছে।
তবে এসব পদক্ষেপে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। এনডিটিভি জানায়, তাদের মূল দাবি এখনও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
শুক্রবার আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিরা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে দাবি-সংবলিত স্মারকলিপি জমা দেন। তাদের দাবির মধ্যে রয়েছে, নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা।
তবে সরকারি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিজেপির পূর্ণ সমর্থন পাচ্ছেন এবং তাকে মন্ত্রিসভা থেকে সরানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর