তেলের দাম কমে যাওয়া, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে মুদ্রাস্ফীতির সম্ভাব্য প্রভাব—এসব বিষয় নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম সামান্য বেড়েছে।
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫২ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০ দশমিক ৮০ ডলারে স্থির হয়েছে।
মূল্যবান ধাতু ব্যবসায়ী তাই ওং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হলে সোনার দাম কমে যাওয়ার ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে তার মতে, সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহে ফেড সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনাও সোনার দামের জন্য সহায়ক হতে পারে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি বাড়তে পারে এবং এর ফলে দীর্ঘসময় সুদের হার উচ্চ পর্যায়ে থাকতে পারে—এমন আশঙ্কাই মূলত সোনার দামে চাপ তৈরি করেছে।
মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সোনাকে সাধারণত নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হওয়ায় সোনার চাহিদা সাধারণত কমে যায়।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে প্ল্যাটিনামের দাম ০.৮ শতাংশ কমে ১ হাজার ৫৮৭ দশমিক ১৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৪ শতাংশ কমে ১ হাজার ২৩৯ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর