• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ১০:৩০ রাত

মাদকাসক্ত ছেলেকে মায়ের হাতে পুলিশের কাছে সোপর্দ, এক বছরের কারাদণ্ড

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা বাজার এলাকায় মাদকাসক্ত এক ছেলেকে শেষ পর্যন্ত আইনের হাতে তুলে দিতে বাধ্য হলেন অসহায় মা। মাদকাসক্তি ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের কারণে মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, বওলা বাজারের মারুফ হাসান হৃদয় (৩২) দীর্ঘদিন ধরে ‘ড্যান্ডি’ নামক মাদকে আসক্ত ছিলেন। মাদকাসক্তির কারণে তার সংসার ভেঙে যায় এবং স্ত্রী সন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে যান। এরপরও তিনি নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় অসহায় মা মালেকা খাতুন ছেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় সচেতন মহলের সহযোগিতা চান।

স্থানীয়দের সহযোগিতায় মাদকাসক্ত অবস্থায় নিজ বাড়ি থেকে মারুফ হাসান হৃদয়কে আটক করা হয় এবং ফুলপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাকে থানায় নিয়ে গেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে তিনি মাদক সেবনের বিষয়টি স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত মারুফ হাসান হৃদয় উপজেলার বওলা গ্রামের আ. ছালাম তালুকদার ও মালেকা খাতুনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালাতেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামিকে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]