বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ‘সিরিয়াল কিসার’খ্যাত এই অভিনেতার অভিনয় ও রোমান্টিক পর্দা উপস্থিতির ভক্ত তিনি।
সুযোগ পেলে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করতে চান বলেও জানিয়েছেন তিশা। সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সেখানেই নিজের পছন্দের বলিউড অভিনেতার নাম জানান এবং ভবিষ্যতের ইচ্ছার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থাপক তিশার কাছে জানতে চান, বলিউডের কোন নায়কের বিপরীতে অভিনয় করার স্বপ্ন দেখেন তিনি। জবাবে তিশা বলেন, ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে তিনি যে আবেগ ও প্যাশন নিয়ে আসেন, তা সত্যিই দারুণ। পর্দায় তার মতো করে এত সুন্দরভাবে কেউ চরিত্র ফুটিয়ে তুলতে পারেন না। তাকে খুব সাবলীল লাগে এবং মনে হয়, সবকিছু যেন বাস্তবেই ঘটছে।’
শুধু অভিনয়জীবন নয়, অনুষ্ঠানে নিজের শৈশবের একটি স্বপ্নের কথাও জানান তিশা। ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে এ নিয়ে বাবা প্রায়ই তার সঙ্গে মজা করতেন।
তিশা জানান, তখন তিনি বেশ ছিপছিপে গড়নের ছিলেন। এ নিয়ে হাস্যরস করে তার বাবা বলতেন, ‘আর্মির ভারী বন্দুক তো তুমি উঁচুই করতে পারবে না!’
কুশল/সাএ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর